সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৪
চট্টগ্রামের সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায়, বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে সাতকানিয়া উপজেলার পূর্ব চাদাহা ইউনিয়নের শহীদের নাল এলাকায় অষ্টম ও নবম শ্রেণিতে পড়ুয়া দুই ছাত্রী স্থানীয় একদল বখাটের কবলে পড়ে। সাত সদস্যের একটি অপরাধী চক্র তাদের পথরোধ করে পার্শ্ববর্তী নির্জন স্থানে নিয়ে যায় এবং পালাক্রমে ধর্ষণ করে। নির্যাতনের পর অভিযুক্তরা ওই দুই ছাত্রীকে বেশ কয়েক ঘণ্টা জিম্মি করে রাখে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল স্থানীয়দের সহায়তায় রাত ১১টার দিকে অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীদের উদ্ধার করে। এ সময় সময় ঘটনাস্থল থেকে পুলিশ চারজনকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন—ছদাহা ইউনিয়নের সিন্ধিপ্যা পাড়ার ৩ নম্বর ওয়ার্ডের শামসু মাঝিবাড়ির ওসমানের ছেলে মো. ছৈয়দ (১৫), বাজালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শাহ আলমের ছেলে মো. রাকিব (২০), সিন্ধিপ্যা পাড়ার মুন্সিবাড়ির নাসির উদ্দিনের ছেলে মো. মানিক ইসলাম (২০) এবং পূর্ব ছদাহা সিন্ধিপ্যা পাড়ার আব্দুল মজিদের ছেলে আব্দুর রহিম (১৮)।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, ভুক্তভোগীদের উদ্ধার করে যথাযথ আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত আরও তিন আসামি পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে