বগুড়ায় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি গ্রেপ্তার
বগুড়া জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী।
এর আগে মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাত ৩টার দিকে জেলা কারাগারের ছাদ ফুটো করে পালিয়ে যায় আসামিরা। পরে খবর পেয়ে অভিযান চালিয়ে বগুড়া শহরের চেলোপাড়ার চাষীবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-নরসিংদির মাধবদী উপজেলার ফজরকান্দি গ্রামের আমির হামজা ওরফে আমির হোসেন (৪১), কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা নজরুল ইসলাম মঞ্জুর (৬০), বগুড়া কাহালু উপজেলার উলট্ট গ্রামের জাকারিয়া (৩৪) ও বগুড়া সদরের কুটিরবাড়ি গ্রামের ছেলে ফরিদ শেখ (৩০)।
সংবাদ সম্মেলনে এসপি সুদীপ কুমার বলেন, আসামিরা ছাদ ফুটো করে বের হন এবং বিছানার চাদর ব্যবহার করে জেলের দেয়াল টপকান। সংবাদ পেয়ে শহরে তল্লাশি শুরু করা হয়। পরবর্তীতে বুধবার ভোরে শহরের চাষীবাজার থেকে চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, চারজনকে আটকের পর জেলা কারাগার থেকে পাঠানো ছবি দেখে তাদের সনাক্ত করা হয়। পরে তাদেরকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে আনা হয় এবং কারা কর্তৃপক্ষ তাদেরকে সনাক্ত করে।
এসপি বলেন, কারাগার পরিদর্শন করে দেখা গেছে যে, ওই চারজন একই সাথে একটি কক্ষে অবস্থান করতেন। তারা পরিকল্পিতভাবে ছাদ ফুটো করে এবং পোশাক ও বিছানার চাদর জোড়া দিয়ে রশি বানিয়ে দেয়াল টপকিয়ে করতোয়া নদী পার হয়ে পালিয়ে যান। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মতামত দিন