আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪
ঢাকার সাভারের আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় একটি দোতলা বাড়ির নিচতলার কক্ষে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দুই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
শনিবার (১২ জুলাই) ভোরে এই দুর্ঘটনাটি ঘটে। পরে সকালে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন—মিজানুর রহমান, তার স্ত্রী সাবিনা বেগম, প্রতিবেশী জয়নাব বেগম এবং জয়নাবের ভাগ্নে আশরাফুল ইসলাম।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরের দিকে দগ্ধ অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে মিজানুর রহমানের শরীরের ২০ শতাংশ, তার স্ত্রী সাবিনা বেগমের ১৮ শতাংশ, জয়নাব বেগমের ৪৮ শতাংশ এবং আশরাফুল ইসলামের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তাদের সবাইকে জরুরি বিভাগের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দগ্ধ সাবিনা বেগমের বড় ভাই সোহেল রানা জানান, তার বোন, ভগ্নিপতি এবং প্রতিবেশী জয়নাব বেগম ও আশরাফুল ইসলাম স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করতেন। শনিবার ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর সময় সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে তারা সবাই দগ্ধ হন। পরে প্রতিবেশীরা খবর পেয়ে দ্রুত উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে আসেন।
উল্লেখ্য, এ ধরনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা আশুলিয়া ও আশপাশের এলাকায় প্রায়ই ঘটছে। এতে প্রাণহানি ও আহতের ঘটনা বাড়লেও গ্যাস সিলিন্ডার ব্যবহারে সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হওয়ায় শঙ্কা বাড়ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে