চীন সফরে গেলেন বিএনপির ৪ নেতা
চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে গেছেন বিএনপির ৪ সদস্যের একটি প্রতিনিধিদল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল ৩টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চীনের উদ্দেশে ঢাকা ছাড়ে প্রতিনিধিদলটি। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন-বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং দলের মিডিয়া সেলের সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা।
এ ব্যাপারে সংবাদমাধ্যমকে শায়রুল কবির খান বলেন, চীনের রাজধানী বেইজিংয়ে ‘পলিটিক্যাল পার্টি প্লাস’ সহযোগিতা শীর্ষক অনুষ্ঠানে অংশ নিতে বিএনপিসহ বিশ্বের অন্যান্য রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানিয়েছে দেশটির কমিউনিস্ট পার্টি।
তিনি আরও বলেন, আগামী ৭ থেকে ১৬ নভেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিতব্য এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে বিএনপি নেতারা। আশা করা যাচ্ছে, আগামী ১৬ নভেম্বর তারা দেশে ফিরবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে