মহাখালীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন
সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসায় রাজধানীর মহাখালীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চার প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সংক্ষিপ্ত বার্তায় (এসএমএস) আইনশৃঙ্খলা রক্ষায় এ ব্যবস্থার কথা জানায় আধাসামরিক বাহিনীটি। সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীগুলোর পর্যাপ্ত সংখ্যক সদস্যও।
এর আগে নতুন করে মহাখালীর আমতলী রেলগেটে রেললাইন অবরোধ করে রেখেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে দুটি ট্রেন আটকা পড়ে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। টানা পঞ্চমদিনের মতো সড়ক অবরোধও অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।
বিকেল চারটা ৪৫ মিনিটে তিতুমীর কলেজের সামনে থেকে মিছিল নিয়ে রেললাইন অবরোধ করেন অর্ধশতাধিক শিক্ষার্থী। তাদের মধ্যে অনশনরত তিনজন ছাত্রকে হুইলচেয়ারে নিয়ে যেতে দেখা গেছে।
আন্দোলনকারী শিক্ষার্থী আলী আহমেদ মাইক্রোফোনে ঘোষণা দেন, ‘প্রধান উপদেষ্টা বা শিক্ষা উপদেষ্টা এখানে এসে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা না করা পর্যন্ত আমরা রেলক্রসিং থেকে নড়ব না’।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে