সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রবাসী বাংলাদেশিদের সূত্রে জানা গেছে, নিহত চারজনের বাড়িই সিলেটের কানাইঘাট উপজেলায়। তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— করিম উদ্দিন ও খালিদ মিয়া। বাকি দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সৌদিতে অবস্থানরত প্রবাসি বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে নিহতদের নিজ এলাকায়ও শোকের আবহ বিরাজ করছে।
দুই প্রবাসীর মৃত্যুর খবর নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান লোকমান উদ্দিন জানান, খবরটি অত্যন্ত মর্মান্তিক। তিনি বলেন, দুই প্রবাসীর মৃত্যুর খবর পাওয়ার পর আমি তাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে বাড়িতে গিয়েছি। পরিবার দুটির জন্য এটি অপূরণীয় ক্ষতি।
নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠাতে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সৌদি আরবে বাংলাদেশের দূতাবাসের ও স্থানীয় কনস্যুলেট কর্মকর্তারা কাজ করছেন বলে জানা গেছে।
মতামত দিন