Views Bangladesh Logo

চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ উদ্ধার, দম্পতিসহ গ্রেপ্তার ৪

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোশংকরবাটি চওড়াপাড়া এলাকায় বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া এক নারী গৃহশিক্ষকের হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। এই হত্যাকাণ্ড এবং লাশ গুমের চেষ্টার অভিযোগে এক ছাত্রীর বাবা-মাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের বাটাম, নিহত শিক্ষিকার এক জোড়া কানের দুল এবং কিছু টাকাও উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ওয়াসিম ফিরোজ।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— নামোশংকরবাটি চৌকাপাড়ার রুবেল হোসেনের স্ত্রী সুমাইয়া আক্তার সুমি (২৮), তার স্বামী রুবেল হোসেন (৩৫), শ্বশুর আনোয়ার হোসেন (৫৫) এবং রাজারামপুর মাস্টারপাড়ার শ্রী দিপক সাহা (৩৫)।

পুলিশ জানায়, তাদের মধ্যে সুমাইয়া আক্তার সুমি ও দীপক সাহা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তদন্ত ও মামলা সূত্রে জানা গেছে, গত পাঁচ বছর ধরে সুমাইয়ার মেয়েকে প্রাইভেট পড়াতেন নিহত মারিয়াম বেগম। গত ১৮ মে মারিয়াম তার ছেলের জন্য ল্যাপটপ কিনতে সুমাইয়ার বাসায় গিয়ে কিছু টাকা ধার চান। সুমাইয়া টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে মারিয়াম তাকে তার কানের দুল বিক্রি করে সেই টাকা এনে দিতে বলেন।

পুলিশ আরও জানায়, সুমাইয়া ওই কানের দুল স্বর্ণ ব্যবসায়ী দীপক সাহার কাছে ১২ হাজার টাকায় বিক্রি করেন এবং সেখান থেকে নিজের ব্যক্তিগত প্রয়োজনে ৫ হাজার টাকা খরচ করে ফেলেন। ওই দিন বিকেলেই মারিয়াম টাকা নিতে সুমাইয়ার বাসায় আসলে দুই নারীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সুমাইয়া কাঠের বাটাম দিয়ে মারিয়ামের মাথা ও শরীরে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। মারিয়াম চিৎকার করার চেষ্টা করলে সুমাইয়া তার মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেন।

তদন্তকারীরা জানান, হত্যার পর সুমাইয়া প্রথমে লাশটি একটি রেক্সিন দিয়ে মুড়িয়ে খাটের নিচে লুকিয়ে রাখেন। পরে গভীর রাতে লাশটি দুটি পাটের বস্তায় ভরে পুরোনো কাপড় দিয়ে ঢেকে লাকড়ির ঘরের পাশে রেখে দেন। রাতেই সুমাইয়া এই ঘটনা তার স্বামী ও শ্বশুরকে জানান।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, গত মঙ্গলবার (১৯ মে) ভোরে স্থানীয়দের থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ নামোশংকরবাটি চৌকাপাড়া গ্রামের সুমাইয়া আক্তার সুমির বসতবাড়ী থেকে বস্তাবন্দি অবস্থায় মরিয়ম বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করে। নিহত নারীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের জন্য লাশটি চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়েরের পর, তথ্য-প্রযুক্তি এবং স্থানীয় সূত্রের সহায়তায় পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ