Views Bangladesh Logo

মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৪

রাজধানীর মিরপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন কেন্দ্রটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেন। মামলায় হানিফ মিয়াকে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও প্রায় ২৫০ জনকে আসামি করা হয়।

ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি নিরাপত্তাকর্মীদের জিম্মি করে জোরপূর্বক প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে পড়ে। পরে তারা চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, সরকারি টিকা, নগদ অর্থসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী নিয়ে যায়।

হামলাকারীরা লুটপাটের পর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন ভেঙে ফেলে বলেও অভিযোগ করেছে কর্তৃপক্ষ। তাদের হিসাবে, হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কর্তৃপক্ষ আরও অভিযোগ করেছে, হামলার পর স্বাস্থ্যকেন্দ্রটির জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাৎক্ষণিকভাবে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ তাদের।

ঘটনার পর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ