ঢাকায় ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, ডেন্টালের শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৪
রাজধানীর তেজগাঁও ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে কঙ্কাল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ৪৭টি মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড় উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) তেজগাঁও থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি) ও মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— কাজী জহুরুল ইসলাম সৌমিক (২৫), মো. আবুল কালাম (৩৯), আসাদুল মুনশি জাশিম এরশাদ (৩২) এবং মো. ফয়সাল আহমেদ (২৬)।
পুলিশ জানায়, তারা একটি সংঘবদ্ধ কঙ্কাল চোর চক্রের সদস্য। এই চক্র কবরস্থান থেকে মানুষের কঙ্কাল ও হাড় চুরি করে বিক্রি করত।
ডিসি তালেবুর রহমান বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে।
জানা গেছে, গ্রেপ্তারকৃত সৌমিক উত্তরা সাপ্পোরো ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতালের শেষ বর্ষের শিক্ষার্থী। আর ফয়সাল একই কলেজ থেকে চূড়ান্ত পরীক্ষা শেষ করে ইন্টার্ন ডাক্তার হওয়ার অপেক্ষায় ছিলেন।
তেজগাঁও থানা পুলিশ জানায়, সোমবার বিকেলে তেজগাঁওয়ের মনিপুরীপাড়া এলাকার একটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত এক সদস্যের অবস্থান সম্পর্কে গোপন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে সৌমিককে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে তেজগাঁও কলেজের সামনে থেকে আবুল কালাম ও মুনশি জাশিম এরশাদকে আটক করা হয়। তাদের কাছ থেকেও দুটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়। এরপর আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা সেক্টর–৯ এর একটি বাড়ি থেকে চক্রের মূল হোতা ফয়সাল আহমেদকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, ওই বাড়ি থেকে আরও ৪৪টি মানব খুলি এবং অবৈধভাবে সংগ্রহ করা মানব কঙ্কালের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে