Views Bangladesh Logo

ফের চালু হলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

দীর্ঘ ছয় মাস ২০ দিন বন্ধ থাকার পর বুধবার (২০ মে) বিকেলে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিটটি ফের চালু করা হয়েছে। বর্তমানে এই ইউনিট থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে।

কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, বিকেল ৫টা ৪৬ মিনিট থেকে তৃতীয় ইউনিটটি চালু করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) থেকে এই ইউনিটে ২৫০ থেকে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে আশা করছেন তিনি। প্রথম ইউনিট থেকে আরও ৫৫ মেগাওয়াট মিলিয়ে সব মিলিয়ে গড়ে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। এতে লোডশেডিং কমে আসবে বলে জানান তিনি। দুটি ইউনিট চালু রাখতে প্রতিদিন ৩ হাজার ২০০ টন কয়লার প্রয়োজন হবে।

এর আগে ২০২৫ সালের অক্টোবরের শেষ সপ্তাহ থেকে যান্ত্রিক ত্রুটির কারণে তৃতীয় ইউনিটটি বন্ধ হয়ে যায়। ১২৫ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে। শুধু প্রথম ইউনিটটি চালু ছিল।


২০০৬ সালে বড়পুকুরিয়া খনির কয়লার ওপর নির্ভর করে ৫২৫ মেগাওয়াট ক্ষমতার এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি যাত্রা শুরু করে। প্রাথমিকভাবে ১২৫ মেগাওয়াটের দুটি ইউনিট নিয়ে শুরু হলেও ২০১৭ সালে ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিট যুক্ত হয়ে মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াটে পৌঁছায়। তবে নানা জটিলতায় কেন্দ্রটি কখনো একসঙ্গে তিনটি ইউনিট চালিয়ে সর্বোচ্চ ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি।

আবু বকর সিদ্দিক আরও জানান, বন্ধ থাকা দ্বিতীয় ইউনিটটি মেরামতে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। শিগগিরই সেটিও চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ