১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: তথ্যমন্ত্রী
আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল। মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
ব্রিফিংয়ে তিনি বলেন, তৃতীয় টার্মিনাল চালু হলে দেশের বিমান পরিবহন ব্যবস্থায় নতুন যুগের সূচনা হবে এবং যাত্রীসেবা আরও আধুনিক ও গতিশীল হবে।
হাম পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তথ্যমন্ত্রী বলেন, শিশু মৃত্যুর ঘটনা সবাইকে বড় শিক্ষা দিয়েছে। দায়িত্বহীনতার কারণে রাষ্ট্রকে পরবর্তীতে বড় ধরনের খেসারত দিতে হয়।
এ সময় তিনি জানান, রাজধানী ঢাকায় পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। পাশাপাশি যানজট নিয়ন্ত্রণে নগরীর ২৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ইতোমধ্যে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু করা হয়েছে।
খাল খনন কর্মসূচি নিয়ে মন্ত্রী বলেন, আগামী ১৮০ দিনের মধ্যে ১ হাজার ২০০ কিলোমিটার খাল খননের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে সরকারের। এছাড়া আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।
আসন্ন জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে ৩ লাখ ৫৯৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।
গণমাধ্যমের স্বাধীনতা ও ব্যবস্থাপনা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে গণমাধ্যম ব্যবস্থাপনায় কিছু বিশৃঙ্খলা রয়েছে। এটিকে একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে আনতে সরকার একটি কমিশন গঠনের উদ্যোগ নিচ্ছে। এ লক্ষ্যে জুন মাসের মধ্যে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হবে এবং জুলাইয়ের মধ্যে কমিশনসংক্রান্ত খসড়া প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে।
ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানও উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে