সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত, উত্থাপিত ৬ বিলই পাস
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। ২৭ আগস্ট শুরু হওয়া অধিবেশনটি বৃহস্পতিবার শেষ হয়। সমাপনী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বক্তব্য দেন। পরে রাষ্ট্রপতির অধিবেশন সমাপ্তির নোটিশ পড়ে শোনান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
নয় কার্যদিবসের এই অধিবেশনে মোট ছয়টি বিল উত্থাপন করা হয় এবং সবগুলোই পাস হয়েছে।
আইন প্রণয়নের পাশাপাশি অধিবেশনে তিনটি বিশেষ কমিটিসহ ৪৮টির বেশি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। সংসদীয় কার্যপ্রণালির বিভিন্ন বিধির আওতায় সদস্যরা বিভিন্ন বিষয়ে নোটিশও দেন।
৬৮ বিধিতে সাতটি নোটিশ পাওয়া যায়, যার মধ্যে দুটি গ্রহণ ও আলোচিত হয়েছে। ৭১ বিধিতে ১৫টি নোটিশ গৃহীত হয় এবং এর মধ্যে ১৪টির ওপর আলোচনা হয়েছে। ৭১ক বিধিতে দুই মিনিটের বক্তব্যের জন্য ১২৪টি নোটিশ পাওয়া যায়। এ ছাড়া ১৪৭ বিধিতে দুটি নোটিশের মধ্যে একটির ওপর আলোচনা এবং ৩০২ বিধিতে একটি নোটিশ উত্থাপন করা হয়।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সংসদ সদস্যরা মোট ১৪৪টি প্রশ্নের নোটিশ দেন। এর মধ্যে প্রধানমন্ত্রী ১৫টি প্রশ্নের উত্তর দেন।
বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য মোট ২ হাজার ৬৭৬টি প্রশ্নের নোটিশ পাওয়া যায়। এর মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রীরা ১ হাজার ৬৭৮টি প্রশ্নের উত্তর দিয়েছেন।
মতামত দিন