Views Bangladesh Logo

সুন্দরবনে তিন মাসের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা

 VB  Desk

ভিবি ডেস্ক

জীববৈচিত্র্য সংরক্ষণ ও বনকে বিশ্রাম দেওয়ার লক্ষ্যে আসছে ১ জুন থেকে তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। ৩১ আগস্ট পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা। এ সময়কালে বনজীবী ও পর্যটক কোনো পক্ষই বনাঞ্চলে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে সুন্দরবনের পশ্চিম বন বিভাগ।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা হাবিবুর রহমান জানান, জুন, জুলাই ও আগস্ট মাসে বন থেকে সব ধরনের সম্পদ আহরণ ও ইকো-ট্যুরিজম কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমানের স্বাক্ষরিত একটি লিখিত নির্দেশনা গত ২৩ মে হাতে পাওয়ার পর ২৬ মে থেকেই সুন্দরবনে প্রবেশের অনুমতিপত্র (পাস) প্রদান বন্ধ রাখা হয়েছে।

যারা পূর্বে পাস নিয়ে এখনও বনাঞ্চলে অবস্থান করছেন, তাদের ৩১ মে’র মধ্যে বন ছেড়ে লোকালয়ে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

বন বিভাগ জানায়, প্রতি বছর হাজার হাজার বনজীবী সুন্দরবনে প্রবেশ করে মাছ, কাঁকড়া, মধু ও গোলপাতাসহ বিভিন্ন বনজ সম্পদ সংগ্রহ করে থাকেন। কিন্তু এই তিন মাস প্রজনন মৌসুম হওয়ায় জীববৈচিত্র্য রক্ষায় বনকে বিশ্রাম দেওয়া অত্যন্ত জরুরি। এ কারণেই ২০২১ সালে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী নিষেধাজ্ঞার সময়সীমা ৬০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়।

এ সময় বনজ সম্পদ আহরণ করতে না পারায় যেসব জেলে ও বনজীবী কর্মহীন হয়ে পড়বেন, সরকার তাদের নির্দিষ্ট পরিমাণ চাল সহায়তা হিসেবে দেবে বলেও জানান বন বিভাগের কর্মকর্তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ