Views Bangladesh Logo

ইমারত বিধিমালা যুগোপযোগী করতে নতুন দায়িত্বে ৩ মন্ত্রী

ঢাকা মহানগরে ইমারত নির্মাণ ও নগর উন্নয়ন সংক্রান্ত বিদ্যমান আইন-বিধিমালা যুগোপযোগী ও কার্যকর করতে ৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বিদ্যমান ১৯৫২ সালের ‘বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট’ এবং ১৯৫৩ সালের ‘টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট’ পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন ও আধুনিক সুপারিশ প্রণয়নের জন্য এই এ কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত এই কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে। এতে সদস্য হিসেবে রয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের। কমিটির সাচিবিক সহায়তার দায়িত্বে থাকবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

কমিটি মূলত বিদ্যমান আইন দুটি বিস্তৃতভাবে পর্যালোচনা করে রাজধানীর ইমারত নির্মাণ ও নগর পরিকল্পনা সংক্রান্ত নিয়মকানুন আরও কঠোর ও যুগোপযোগী করার সুপারিশ তৈরি করবে। কাজের সুবিধার্থে কমিটি প্রয়োজনে নতুন সদস্য কো-অপ্ট বা অন্তর্ভুক্ত করার এখতিয়ার রাখবে এবং নিজেদের সুবিধা অনুযায়ী সভা আহ্বান করবে। পরবর্তীতে এই কমিটির সুপারিশের আলোকেই সংশ্লিষ্ট আইন ও বিধিমালার চূড়ান্ত সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভার আনুষ্ঠানিক বৈঠকে পর্যালোচনার জন্য উপস্থাপন করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ