Views Bangladesh Logo

ঈদযাত্রায় ১৫ দিনে ঝরল ৩৯৪ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন

চলতি বছরের ঈদযাত্রাকে কেন্দ্র করে ১৫ দিনে সড়ক, রেল ও নৌপথে মোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এ সময়ে আহত হয়েছেন ১ হাজার ২৮৮ জন।

সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০২৬’ প্রকাশ করে সংগঠনটি। এতে প্রতিবেদন তুলে ধরেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

প্রতিবেদনে বলা হয়, ১৪ মার্চ ঈদযাত্রা শুরুর দিন থেকে ২৮ মার্চ কর্মস্থলে ফেরা পর্যন্ত ১৫ দিনে শুধু সড়ক দুর্ঘটনাতেই ৩৫১ জন নিহত এবং অন্তত ১ হাজার ৪৬ জন আহত হয়েছেন। গত বছরের তুলনায় এবার প্রাণহানি বেড়েছে ৮ দশমিক ২৬ শতাংশ এবং দুর্ঘটনা বেড়েছে ৮ দশমিক ৯৫ শতাংশ। মোট সড়ক দুর্ঘটনার ৪৩ শতাংশই ঘটেছে জাতীয় মহাসড়কে।

এ ছাড়া রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২২৩ জন আহত হয়েছেন। নৌপথে ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত, ১৯ জন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিবারের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। ঈদের সময় ১২৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৫ জন প্রাণ হারিয়েছেন, যা মোট সড়ক দুর্ঘটনার ৩৬ দশমিক ১২ শতাংশ এবং নিহতের ৩৮ দশমিক ৪৬ শতাংশ।

দুর্ঘটনায় জড়িত যানবাহনের মধ্যে ২৭ দশমিক ১৬ শতাংশ মোটরসাইকেল, ১৭ দশমিক ৭৩ শতাংশ ট্রাক ও কাভার্ডভ্যান এবং ১৬ দশমিক ২২ শতাংশ যাত্রীবাহী বাস ছিল বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেন, নতুন সরকার এলেও পরিবহন খাতে পুরোনো আমলা এবং মালিক-শ্রমিক নেতাদের নিয়ন্ত্রণ বহাল রয়েছে। সরকারের ঈদ ব্যবস্থাপনা সভায় যাত্রী বা নাগরিক সমাজের কোনো প্রতিনিধি রাখা হয়নি বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, পরিবহন মালিকদের একচেটিয়া সুবিধা, ভাড়া নৈরাজ্য ও ব্যবস্থাপনার বিশৃঙ্খলার কারণে এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা বেড়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ