Views Bangladesh Logo

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ সংক্রান্ত গণভোটকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে অভূতপূর্ব সাড়া পড়েছে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এবং নির্বাচন পর্যবেক্ষণে ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং ১৯৭ জন বিদেশি সাংবাদিক।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এবারের নির্বাচনে পর্যবেক্ষকের সংখ্যা ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন ৮০ জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার এবং ২৪০ জন দ্বিপক্ষীয় দেশসমূহের (স্বতন্ত্র ইউরোপীয় পর্যবেক্ষকসহ) প্রতিনিধি। এ ছাড়াও বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে ব্যক্তিগত উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৫১ জন ব্যক্তি।

অতীতের তুলনায় এই সংখ্যা উল্লেখযোগ্য। একাদশ নির্বাচনে ১৫৮ জন এবং দ্বাদশ নির্বাচনে ১২৫ জন পর্যবেক্ষক থাকলেও দশম নির্বাচনে এই সংখ্যা ছিল মাত্র ৪ জন।

পর্যবেক্ষক দল পাঠিয়েছে বিশ্বের বড় বড় সব সংস্থাও। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফরেল) থেকে ২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে ২৭ জন, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে ১৯ জন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) থেকে একজন, ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইসিএপিপি) থেকে দুজন করে এবং ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস থেকে একজন প্রতিনিধি এসেছেন।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সমন্বয়কারী ও এসডিজি বিষয়ক জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদ বলেন, ‘বিভিন্ন দেশ ও সংস্থার ইতিবাচক সাড়া আমাদের উৎসাহিত করেছে। এটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন।’

পর্যবেক্ষকদের তালিকায় রয়েছেন উচ্চপর্যায়ের অতিথিরা, যাদের মধ্যে রয়েছেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আদ্দো দানকওয়া আকুফো-আদ্দো, ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা, বাংলাদেশে সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল, যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সাবেক গভর্নমেন্ট ডেপুটি চিফ হুইপ লর্ড রিচার্ড নিউবি, মালয়েশিয়ার নির্বাচন কমিশনের কর্মকর্তা রামলান বির হারুন এবং ইরানের পার্লামেন্ট সদস্য ও পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিশনের প্রেসিডিং বোর্ডের সদস্য বেহনাম সাঈদি।

৫০টির বেশি রাজনৈতিক দল এবং দুই হাজারেরও বেশি স্বতন্ত্র প্রার্থী এবারের সংসদীয় আসনগুলোতে লড়াই করছেন। একই দিনে ‘জুলাই জাতীয় সনদ’ নিয়ে গণভোট অনুষ্ঠিত হওয়ায় এই নির্বাচনটি জাতীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ