যুদ্ধের প্রভাবে ঢাকায় ১২ দিনে বাতিল ৩৯১ ফ্লাইট
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় কয়েকটি দেশ আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করায় গত ১২ দিনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ৩৯১টি ফ্লাইট বাতিল হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান ২৮ ফেব্রুয়ারি থেকে তাদের আকাশসীমা আংশিক বা পুরোপুরি বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে।
এর ধারাবাহিকতায় বুধবার (১১ মার্চ) আরও ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বেবিচক সূত্র জানায়, আকাশপথে বিধিনিষেধের কারণে ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল হয়। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল করা হয়।
বুধবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৪টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট।
সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ৩৯১টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বেবিচক।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে