Views Bangladesh Logo

স্বাস্থ্যকর খাবার কিনতে পারেন না বাংলাদেশের ৩৯ শতাংশ মানুষ: প্রতিবেদন

বাংলাদেশে প্রতি পাঁচজনের মধ্যে প্রায় দুজন স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য রাখেন না। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে ইউরিয়া সারের দাম বাড়ায় দেশের খাদ্যনিরাপত্তা নতুন ঝুঁকির মুখে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের পাঁচ সংস্থা—খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)—এর যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে দেশে প্রায় ৬ কোটি ৭৮ লাখ মানুষ, অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় ৩৯ শতাংশ, স্বাস্থ্যকর খাদ্য কিনতে পারেনি।

অন্যদিকে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, হরমুজ প্রণালিকে ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে বিশ্ববাজারে ইউরিয়া সারের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে। একই সময়ে গ্যাস সংকটের কারণে দেশের পাঁচটি রাষ্ট্রায়ত্ত ইউরিয়া সার কারখানার মধ্যে তিনটি বন্ধ থাকায় কৃষি উৎপাদন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

ডব্লিউএফপির আশঙ্কা, এ পরিস্থিতিতে বাংলাদেশে প্রায় ১ কোটি ৮১ লাখ মানুষ তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় পড়তে পারেন।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক সরবরাহ সংকটের কারণে সারের দাম আরও বাড়লে কৃষি উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে। এর প্রভাব পড়বে খাদ্যের বাজারে, ফলে স্বাস্থ্যকর খাদ্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার ঝুঁকি আরও বাড়বে। তাদের মতে, খাদ্যনিরাপত্তার এই সংকট এখন শুধু কৃষি খাতের নয়, দেশের সামগ্রিক অর্থনীতির জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ