Views Bangladesh Logo

একই ফ্লাইটের ৭ যাত্রীর ব্যাগ থেকে ৩৯ লিটার বিদেশি মদ জব্দ

ভারতের মুম্বাই থেকে এয়ার ইন্ডিয়ার একই ফ্লাইটে ঢাকায় আসা সাত যাত্রীর ব্যাগ থেকে ৩৯ লিটার বিদেশি মদ জব্দ করেছেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারপোর্ট সার্কেলের সি-শিফটের কর্মকর্তারা মুম্বাই থেকে আসা এয়ার ইন্ডিয়ার এআই২১৮৩ ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি বাড়ান। ফ্লাইটটি সকাল ১০টা ৪৩ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে।

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় সাত যাত্রীকে আটক করে তাদের ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় আজমল হকের ব্যাগ থেকে ১০ লিটার, মোজাম্মেল হক ভূঁইয়ার ব্যাগ থেকে ৭ লিটার, মো. ইমরানের ব্যাগ থেকে ৬ লিটার এবং বাবুল মিয়ার ব্যাগ থেকে ৬ লিটার বিদেশি মদ জব্দ করা হয়।

এ ছাড়া মো. নাফিজ সাবাতের ব্যাগ থেকে সাড়ে ৩ লিটার, আল আমিন শেখের ব্যাগ থেকে সাড়ে ৩ লিটার এবং সাদ্দাম হোসেনের ব্যাগ থেকে ৩ লিটার বিদেশি মদ জব্দ করেন কর্মকর্তারা।

কাস্টমস কর্মকর্তারা জানান, সাত যাত্রীর কাছ থেকে মোট ৩৯ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা। একই আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণকারী সাত যাত্রীর কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি মদ জব্দের ঘটনাটি বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এ ঘটনায় প্রচলিত কাস্টমস আইন ও বিধি অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাটি সংঘবদ্ধভাবে সংগঠিত কি না এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে একটি বিশেষ তদন্ত দল বিষয়টি খতিয়ে দেখবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ