এস কে সুর ও তার পরিবারের সম্পদ ক্রোকের আদেশ
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সীতাংশু কুমার (এস কে) সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর নামে থাকা দুটি ফ্ল্যাট, একটি জমি জব্দ ও ৩৯টি ব্যাংক হিসাব ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে ৩ কোটি ৯৮ লাখ ৬৪ হাজার ৪০ টাকা রয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের উপ-পরিচালক নাজমুল হুসাইন এসকে সুরের স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের আবেদন করেন।
জব্দ হওয়া স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে, রাজধানীর সেগুনবাগিচায় এসকে সুরের নামে থাকা একটি ফ্ল্যাট, যার দলিল মূল্য ৪৪ লাখ ১৭ হাজার ৭০০ টাকা। ধানমন্ডিতে সুপর্ণা সুরের নামে থাকা ৪ হাজার ৪০০ বর্গফুটের একটি ফ্ল্যাট, যার দলিল মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা। মেয়ে নন্দিতা সুর চৌধুরীর নামে নাটোরের লালপুরে থাকা ৮ শতাংশ জমি, যার দলিল মূল্য ৮ লাখ ৬৪ হাজার টাকা। এসব স্থাবর সম্পদের মোট মূল্য ১ কোটি ৭৭ লাখ ৮১ হাজার ৭০০ টাকা।
এছাড়াও সীতাংশু কুমার সুর চৌধুরী, স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও নন্দিতা সুর চৌধুরীর নামে বিভিন্ন ব্যাংকে সঞ্চয়পত্র, এফডিআর ও আমানত বাবদ ৩৯টি ব্যাংক হিসাবে জমা থাকা ৩ কোটি ৯৮ লাখ ৬৪ হাজার ৪০ টাকা অবরুদ্ধ করা হয়েছে।
সবমিলিয়ে জব্দ ও অবরুদ্ধ হওয়া সম্পদের মূল্য দাঁড়ায় ৫ কোটি ৭৬ লাখ ৪৫ হাজার ৭৪০ টাকা।
গত ১৯ জানুয়ারি এস কে সুরের ধানমন্ডির বাসা থেকে ১৬ লাখ ২৫ হাজার টাকা ও সাড়ে ৪ কোটি টাকার ফিক্সড ডিপোজিটের নথিপত্র উদ্ধার করে দুদক। সেখানেই বাংলাদেশ ব্যাংকে তিনটি লকার থাকার নথি পায় তারা। আদালতের নির্দেশে এসব লকার খোলার অনুমতি পায় দুদক।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে