৬ মাসে নির্যাতন ও হয়রানির শিকার ৩৮৩ সাংবাদিক: এইচআরএসএস
চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) দেশজুড়ে ৩৮৩ জন সাংবাদিক বিভিন্নভাবে হয়রানি, হামলা ও ভয়ভীতির শিকার হয়েছেন বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
এই মানবাধিকার সংস্থাটির অর্ধবার্ষিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে নির্যাতনের শিকার সাংবাদিকদের মধ্যে আহত হয়েছেন ২৩৪ জন। এছাড়া ৬০ জনকে মারধর বা প্রকাশ্যে হেনস্তা করা হয়েছে এবং হুমকির শিকার হয়েছেন ৪৯ জন। এই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন ১১ জন সাংবাদিক। এর পাশাপাশি সাইবার নিরাপত্তা অধ্যাদেশের আওতায় ১৫টি মামলায় আরও ৩৩ জন সাংবাদিককে আসামি করা হয়েছে।
এইচআরএসএসের প্রতিবেদনে দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতির অবনতির চিত্রও তুলে ধরা হয়েছে। প্রতিবেদনভুক্ত ছয় মাসে রাজনৈতিক সহিংসতায় ৫৬ জন নিহত এবং রাজনৈতিকভাবে উদ্বুদ্ধ সংঘর্ষে ৫ হাজার ২৪৬ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এ ছাড়া মব সহিংসতা ও গণপিটুনির ঘটনায় অন্তত ১৩৩ জন নিহত এবং ২৫৬ জন আহত হয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের বিষয়ে প্রতিবেদনে বলা হয়, গত ছয় মাসে তারা অন্তত ৪০টি জনসভা ও সমাবেশে বাধা দিয়েছে, যেখানে ৩১১ জন আহত এবং ৩৮ জন আটক হয়েছেন। পাশাপাশি সাইবার নিরাপত্তা অধ্যাদেশের আওতায় মোট ৩০টি মামলায় ৮১ জনের নাম উল্লেখ করে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবেদনে হেফাজতে ও কারাগারে মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এইচআরএসএস জানায়, এই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকাকালীন ১১ জনের মৃত্যু হয়েছে এবং দেশের বিভিন্ন কারাগারে ৫৮ জন বন্দির মৃত্যু হয়েছে।
মতামত দিন