Views Bangladesh Logo

দেশে ফিরলেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কমপাউন্ড থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি

দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া ৩৭ জন বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (১১ জুন) রাতে থাই এয়ারওয়েজের টিজি-৩৩৯ ফ্লাইটে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা।

ফেরত আসা বাংলাদেশিদেরকে জরুরি সহায়তা ও দেশে ফেরার আর্থিক সহযোগিতা প্রদান করে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।

ফেরত আসা ভুক্তভোগীরা জানান, লোভনীয় চাকরির প্রলোভন দেখিয়ে বৈধ পথে তাদের কম্বোডিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর বাংলাদেশি পাচার চক্র অর্থের বিনিময়ে তাদেরকে চীনা পরিচালিত সাইবার স্ক্যাম কম্পাউন্ডে হস্তান্তর করে। এরপর মূলত যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশের নাগরিকদের লক্ষ্য করে পরিচালিত অনলাইন প্রতারণামূলক কার্যক্রমে তাদের জোরপূর্বক অংশ নিতে বাধ্য করা হয়।

ভুক্তভোগীদের ভাষ্যমতে, নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো। আগমনের সঙ্গে সঙ্গেই তাদের পাসপোর্ট ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এর ফলে পরিবারের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েন তারা।

সম্প্রতি কম্বোডিয়ার বেশ কয়েকটি সাইবার স্ক্যাম কেন্দ্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ওই অভিযানের মাধ্যমে এই বাংলাদেশিরা উদ্ধার হন।

এর আগে চলতি বছর মিয়ানমারের একটি সাইবার স্ক্যাম কেন্দ্র থেকে আট বাংলাদেশি এবং থাইল্যান্ড সীমান্তবর্তী এলাকা থেকে পাচার হওয়া আরও ১৮ জনকে দেশে ফেরত আনা হয়।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের অ্যাসোসিয়েট ডিরেক্টর শরীফুল হাসান বলেন, সাইবার স্ক্যাম অপারেশন এখন মানব পাচারের সবচেয়ে দ্রুত বিস্তারলাভকারী একটি ধরনে পরিণত হয়েছে।

তিনি জানান, অপরাধী চক্র ভুয়া ওয়েবসাইট, ই-মেইল ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কম্পিউটার অপারেটর, টাইপিস্ট ও কল-সেন্টার কর্মীর মতো আকর্ষণীয় পদে বিদেশে চাকরির বিজ্ঞাপন দিয়ে লোক সংগ্রহ করে। এরপর তাদের স্ক্যাম কেন্দ্রে নিয়ে আটকে রেখে জোরপূর্বক সাইবার প্রতারণায় বাধ্য করা হয়।

বিদেশে চাকরিপ্রত্যাশীদের সতর্ক করে শরীফুল হাসান বলেন, থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়াসহ সাইবার স্ক্যাম পাচারের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোয় যাওয়ার আগে চাকরির প্রস্তাব ভালোভাবে যাচাই করতে হবে। পাশাপাশি বিদেশে নিয়োগ প্রক্রিয়ায় কঠোর নজরদারি, প্রবাসী কর্মীদের সুরক্ষা জোরদার এবং মানব পাচার ও সাইবার অপরাধ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোরও আহ্বান জানান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ