‘ঝুঁকিপূর্ণ’ পরিবেশে রেস্তোরাঁ, পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৭
বেইলি রোডের বহুতল ভবনে আগুনে প্রাণহানির ঘটনায় রাজধানীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা রেস্তোরাঁগুলোর অনিরাপদ পরিবেশের বিষয়ে সামনে এলে অভিযানে নেমে পুলিশ ৩৭ জনকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে অনিয়ম দেখতে পাওয়া খাবারের দোকানগুলো।
রোববার (৩ মার্চ) সন্ধ্যার পর থেকে রাত ১১টা পর্যন্ত ধানমন্ডি, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় প্রায় অর্ধশত রেস্তোরাঁয় এ অভিযান চালায় পুলিশ।
অভিযানকালে ধানমন্ডি, মিরপুর, গুলশান এবং উত্তরা পূর্ব ও পশ্চিম থানা এলাকার খাবারের দোকানগুলো থেকে তাদের গ্রেপ্তার করা হয়; যাদের বেশির ভাগই রেস্তোরাঁর কর্মচারী বলে থানাগুলোর পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
তবে গুলশান থানাধীন রেস্তোরাঁগুলোতে অভিযানকালে অনিয়ম না থাকায় কেউ গ্রেপ্তার হননি বলে জানিয়েছেন এ থানার ওসি মাযহারুল ইসলাম।
অভিযানের বিষয়ে থানাগুলোর কর্মকর্তারা জানান, রেস্তোরাঁগুলোতে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে সিলিন্ডার রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তাদের গ্রেপ্তার করার পাশপাশি তাৎক্ষণিকভাবে সেসব রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে বেইলে রোডের আটতলা গ্রিন কোজি কটেজে ভয়াবহ আগুনে প্রাণ গেছে ৪৬ জনের, যাদের বেশির ভাগই ওই ভবনে থাকা বিভিন্ন রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত এক ডজন মানুষ।
এ ঘটনায় দায়ের করা পুলিশের মামলায় বলা হয়েছে, ওই ভবনের বিভিন্ন তলায় ছিল ১৪টি খাবারের দোকান ও রেস্তোরাঁ।
ওই অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটিতে অগ্নি নির্গমন পথ ছিল না। ভবনের সিঁড়িতে গ্যাস সিলিন্ডারসহ নানা ধরনের মালামাল রাখা ছিল। ফলে নিচতলায় যখন আগুন লাগে তখন ওই সিঁড়ি ব্যবহার করে নামতে পারেনি মানুষ। উপরে আটকা পড়ে ধোঁয়ার বিষক্রিয়ায় অধিকাংশের মৃত্যু হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে