Views Bangladesh Logo

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে চার দিনে ৩৬ হাজার গ্রাহক তুলেছেন ১৪৩১ কোটি টাকা

সমস্যাগ্রস্ত পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত নেওয়ার কার্যক্রম চলছে। গত চার দিনে ব্যাংকটি থেকে ৩৬ হাজার ৯৭ জন গ্রাহক ১ হাজার ৪৩১ কোটি টাকা তুলে নিয়েছেন। একই সঙ্গে ব্যাংকে নতুন করে অর্থ জমা পড়া ও স্বাভাবিক লেনদেনও অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ব্যাংকটির সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিন নতুন করে ১১ হাজার ৩৮৫টি আবেদন নেওয়া হয়েছে। এসব আবেদনের বিপরীতে ফেরতের দাবিকৃত অর্থের পরিমাণ ৩৭৪ কোটি টাকা। একই দিনে আবেদন অনুযায়ী ৯ হাজার ৪১ জন গ্রাহককে ৩৯১ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

এর আগে ৭ থেকে ৯ সেপ্টেম্বর তিন দিনে ২৭ হাজার ৫৬ জন গ্রাহক মোট ১ হাজার ৪০ কোটি টাকা উত্তোলন করেন। এর মধ্যে ৭ সেপ্টেম্বর ৮ হাজার ১২৫ জন ৩১৯ কোটি, ৮ সেপ্টেম্বর ৮ হাজার ২৩৪ জন ৩৪০ কোটি এবং ৯ সেপ্টেম্বর ১০ হাজার ৬৯৭ জন গ্রাহক ৩৮১ কোটি টাকা তুলে নেন।

সম্মিলিত ইসলামী ব্যাংক ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ব্যক্তি আমানতকারীদের কাছ থেকে টাকা ফেরতের আবেদন গ্রহণ করে। এ সময়ে ৭৪ হাজার ২২১টি আবেদনের বিপরীতে প্রায় ৩ হাজার ৯২৫ কোটি টাকা ফেরতের চাহিদা আসে। তবে আবেদন করার পর নির্ধারিত দিনে সব গ্রাহক টাকা তুলছেন না।

এদিকে ৭ সেপ্টেম্বর থেকে অনলাইনে টাকা স্থানান্তরের সুবিধাও চালু করেছে ব্যাংকটি। ফলে টাকা ফেরতের পাশাপাশি ব্যাংকে অর্থের প্রবাহ ও স্বাভাবিক লেনদেনও ধীরে ধীরে বাড়ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ব্যক্তি আমানতকারীদের মূল আমানত ফেরত দিতে তারল্য সহায়তা হিসেবে সোমবার সম্মিলিত ইসলামী ব্যাংককে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই অর্থের মাধ্যমে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা চলতি ও সঞ্চয়ী হিসাবের টাকা এবং মেয়াদি আমানতের মূল অর্থ উত্তোলন করতে পারবেন। তবে মেয়াদি আমানতের পুরো মূল টাকা একবারে তুলে নিলে সেটিকে পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে গণ্য করা হবে এবং এ ক্ষেত্রে কোনো মুনাফা দেওয়া হবে না।

যারা এখনই টাকা তুলবেন না এবং আমানত চালু রাখবেন, তারা চুক্তি অনুযায়ী নির্ধারিত হারে মুনাফা পাবেন। ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক হলে পরবর্তী সময়ে মুনাফাসহ অর্থ জমা ও উত্তোলনের সুযোগ থাকবে।

চরম অনিয়ম ও ঋণ জালিয়াতির কারণে সংকটে পড়া এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। এসব ব্যাংকে প্রায় ৭৬ লাখ আমানতকারীর মোট ১ লাখ ৪২ হাজার কোটি টাকা আমানত ছিল। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের সঞ্চয়ী হিসাবেই রয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ