ছয় মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬০ শিক্ষার্থী: যাত্রী কল্যাণ সমিতি
চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে ৩২০টি সড়ক দুর্ঘটনায় ৩৬০ জন শিক্ষার্থী নিহত এবং ১০৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মিরসরাই ট্র্যাজেডির পুনরাবৃত্তি ঠেকাতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে ব্যাপক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শনিবার (১১ জুলাই) মিরসরাই ট্র্যাজেডির ১৫তম বার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, দেশে নিয়মিত সড়ক নিরাপত্তাবিষয়ক কর্মসূচির অভাবে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে বা আহত হচ্ছে।
তিনি বলেন, ২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ে শিক্ষার্থী বহনকারী একটি মিনিবাস খাদে পড়ে ৪৫ জন নিহত হন। দেশের ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ একক সড়ক দুর্ঘটনা হলেও, এরপরও প্রয়োজনীয় সড়ক নিরাপত্তা সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়নি।
যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে ৫৭টি দুর্ঘটনায় ৫৭ জন, ফেব্রুয়ারিতে ৩৯টি দুর্ঘটনায় ৪৭ জন, মার্চে ৫৯টি দুর্ঘটনায় ৬৭ জন, এপ্রিলে ৫১টি দুর্ঘটনায় ৫৬ জন, মে মাসে ৬১টি দুর্ঘটনায় ৭৩ জন এবং জুনে ৫৩টি দুর্ঘটনায় ৬০ জন শিক্ষার্থী নিহত হয়েছেন।
শিক্ষার্থীদের সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে পাঁচ দফা সুপারিশও করেছে সংগঠনটি। এর মধ্যে রয়েছে—পাঠ্যপুস্তকে সড়ক নিরাপত্তা বিষয় অন্তর্ভুক্ত করা, নিয়মিত সচেতনতামূলক সভার আয়োজন, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং ও প্রয়োজনীয় সড়ক চিহ্ন স্থাপন, প্রশিক্ষিত সড়ক নিরাপত্তা প্রহরী নিয়োগ এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা কমিটি গঠন।
মতামত দিন