Views Bangladesh Logo

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানী ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পএলাকায় নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শ্রমিক অসন্তোষসহ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিজিবির পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

বিজিবি জানায়, মোতায়েনের মধ্যে ঢাকা জেলার সাভার ও আশুলিয়ায় সবচেয়ে বেশি ১৪ প্লাটুন রাখা হয়েছে। এ ছাড়া গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং রাজধানীর মিরপুরে ৩ প্লাটুন দায়িত্ব পালন করছে। নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় আলাদা দুটি বিশেষ টহল দলও কাজ করছে।

শিল্পাঞ্চলের পরিস্থিতি কাছ থেকে দেখতে ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয় করতে বিশেষ নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাঠানো সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবির ভাষ্য, শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শ্রমিক ও কারখানার নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে টহল ও নজরদারি চলমান থাকবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ