ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন ৩৬ যুবক
ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন ৩৬ বাংলাদেশি যুবক। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠায় ভারতীয় পুলিশ।
ফেরত আসা যুবকদের বাড়ি বগুড়া, খুলনা, নাটোর, চট্টগ্রাম, ঢাকা ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায়। তারা জানান, গার্মেন্টসে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে দালাল চক্র অবৈধভাবে তাদের ভারতে নিয়ে যায়। পরে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা এবং আদালতের মাধ্যমে চেন্নাই সেন্ট্রাল কারাগারে পাঠানো হয়। প্রায় ১৭ মাস কারাভোগের পর আইনি প্রক্রিয়ায় তারা দেশে ফেরার সুযোগ পান। ইমিগ্রেশন কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের উপস্থিতিতে তাদের মানবাধিকার সংস্থা 'জাস্টিস অ্যান্ড কেয়ার'-এর কাছে হস্তান্তর করা হয়।
ফেরত আসা কয়েকজন যুবক অভিযোগ করেন, দেশে ফেরানোর কথা বলে বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে। তারা আরও জানান, এখনো ভারতের বিভিন্ন কারাগারে প্রায় দুই হাজার বাংলাদেশি আটক রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক বলেন, 'কাজের জন্য ভারতে গিয়েছিলাম। জেল থেকে ছাড়া পেয়ে ভালো লাগছে। ছাড়ানোর জন্য অনেকেই টাকা নিয়েছে।'
জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড অফিসার শরিফুল ইসলাম বলেন, গার্মেন্টসে কাজ দেওয়ার কথা বলে দালালেরা এই যুবকদের ভারতে নিয়ে যায় এবং তারা প্রতারণার শিকার হন। যেহেতু তারা প্রাপ্তবয়স্ক, রাতেই নিজ নিজ দায়িত্বে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক তাপস কুমার আঢ্য বলেন, ফেরত আসা ৩৬ বাংলাদেশিকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হয়েছে।
এ সময় ইমিগ্রেশন পুলিশ, বিজিবি, সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রশাসন ও মানবাধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে