বিদেশের ৯ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় পাস ৩৫৪ জন
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় বিদেশের কেন্দ্রগুলো থেকে মোট ৩৫৪ জন বাংলাদেশি শিক্ষার্থী পাস করেছে। এসব কেন্দ্রে এবারের সার্বিক পাসের হার ৮৮ দশমিক ০৬ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) ফলাফল প্রকাশের পর শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা যায়।
এ বছর বিদেশের ৯টি কেন্দ্র থেকে মোট ৪০২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ৩৫৪ জন শিক্ষার্থী পাস করলেও ফেল করেছেন ৮ জন। প্রবাসী শিক্ষার্থীদের দেশের মাটিতে না এসে নিজ নিজ অবস্থানরত দেশ থেকেই পরীক্ষা দেওয়ার সুবিধার্থে বিশেষ ব্যবস্থাপনায় এসব কেন্দ্র পরিচালনা করা হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিদেশের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থীই পাশ করেছে। তবে অন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি।
এর আগে সোমবার সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। এ সময় বিদেশে অবস্থানরত শিক্ষার্থীদের এই ফল একযোগে প্রকাশ করা হয়।
মতামত দিন