সফটওয়্যার জটিলতায় লক ৩৫ হাজার এনআইডি, ভোগান্তিতে সেবাগ্রহীতারা
নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারে সফটওয়্যার জটিলতার কারণে প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক হয়ে রয়েছে। এতে বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। জরুরি প্রয়োজনেও অনেকে সিম কার্ড কেনা, ব্যাংক হিসাব খোলা, জমি নিবন্ধন ও পাসপোর্ট নবায়নের মতো কাজ করতে পারছেন না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিভিন্ন কারণে নাগরিকদের এনআইডি লক করা হয়েছে। এর মধ্যে রয়েছে একাধিকবার ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া, আদালতের নির্দেশ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান মামলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আবেদন।
একাধিকবার ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার কারণে যাদের এনআইডি লক করা হয়েছে, যাচাই-বাছাই শেষে তাদের একটি পরিচয়পত্র কার্যকর রেখে অন্যটি বাতিল করা হচ্ছে। সাধারণত প্রথমবার ইস্যু করা এনআইডিটি বহাল রাখা হয় এবং পরবর্তী সময়ে নেওয়া পরিচয়পত্রটি বাতিল করা হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে প্রতিটি ক্ষেত্রে তথ্য পর্যালোচনা করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কবে থেকে এসব এনআইডি লক রয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য দিতে পারেননি এনআইডি শাখার কর্মকর্তারা। তাদের মতে, লক হওয়া পরিচয়পত্রের সংখ্যা বেশি হওয়ায় প্রতিটির ক্ষেত্রে কত দিন ধরে এ অবস্থা চলছে, তা আলাদাভাবে নির্ধারণ করা কঠিন।
তবে এ সমস্যায় পড়া যেসব নাগরিক ঢাকার নির্বাচন ভবনে যোগাযোগ করছেন, তাদের অভিযোগ ও তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বর্তমানে এনআইডি আনলক করাতে নাগরিকদের নির্বাচন কমিশনের কেন্দ্রীয় কার্যালয়ে যেতে হচ্ছে। এতে ঢাকার বাইরে বসবাসকারীদের ভোগান্তি আরও বাড়ছে। এ পরিস্থিতিতে নাগরিকদের দুর্ভোগ কমাতে কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে মাঠপর্যায় থেকেই এনআইডি-সংক্রান্ত সমস্যার সমাধানের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন।
মতামত দিন