সিলেটে সাড়ে ৬ ঘণ্টায় ভোট পড়েছে ৩৫ শতাংশ
সিলেটে দুপুর ২ টা পর্যন্ত মোট ৬টি আসনে ভোটগ্রহণে সাড়ে ৬ ঘণ্টায় ৩৫ শতাংশ ভোট পড়েছে। রিটার্নিং কর্মকর্তা ও সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, দুপুর পর্যন্ত সিলেটে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কেউ কোনো অভিযোগ করেনি।
ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর অন্তত ২০টি কেন্দ্রের মধ্যে ৩/৪টি কেন্দ্র ছাড়া বাকি বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। কিছু কেন্দ্র ফাঁকা দেখা গেছে। চা শ্রমিক ও সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে বেশি ছিল।
নগরীর শিবগঞ্জ এলাকার নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তোফায়েল আহমদ চৌধরী জানান, ৩ হাজার ২৭০ ভোটের মধ্যে দুপুর দেড়টা পর্যন্ত ৮৮৭টি ভোট পড়েছে। এমসি কলেজের নারী কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. সাইফুদ্দিন জানিয়েছেন, ৩ হাজার ৫৬২ ভোটের মধ্যে ৯৫৯টি ভোট পড়েছে।
খাসদ্বির সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল আহাদ জানান, ৩৮৭১ ভোটারের মধ্যে ৭০০ ভোট পড়েছে। একই স্কুলের পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বেলাল হোসেন জানিয়েছেন, ৩৯০০ ভোটারের মধ্যে ৯০০ ভোট পড়েছে।
নগরের উপকণ্ঠে লাক্কাতুরা চা বাগানের সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুপুর সাড়ে ১২টার সময় উল্লেখযোগ্য সংখ্যক নারী ভোটার লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এসএম কামরুল হাসান বলেন, ২৮৩৪ ভোটারের মধ্যে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১,২৪৫ জন ভোট দিয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে