Views Bangladesh Logo

মুরাদনগরে উপদেষ্টা আসিফের অনুসারীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৩৫

 VB  Desk

ভিবি ডেস্ক

কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (৩০ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার আল্লাহ চত্বর এলাকায় এ ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ৫ জন সাংবাদিকসহ অন্তত ৩৫ জন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন ওয়ার্ড সদস্য শেখর মেম্বার, সাফায়েত, মিনহাজুল হক, হাসান, রাকিব, ইউনুস, মো. কবির হোসেন ও কাইউম। এ ছাড়া আহত হয়েছেন এশিয়ান টিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ, স্টার টিভির আবদুল্লাহ আল মারুফ, খোলা কাগজের কুমিল্লা প্রতিনিধি শাহ এমরান, পূর্বাশার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মুন্না ও এসএ টিভির ভিডিও সাংবাদিক এ এস বাপ্পি।

প্রত্যক্ষদর্শীরা জানান, এর আগে মঙ্গলবার বিকালে কায়কোবাদ সমর্থকেরা উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। এর প্রতিবাদে বুধবার বিকালে আসিফ সমর্থকেরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আল্লাহ চত্বরের দিকে অগ্রসর হলে কায়কোবাদপন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে উভয়পক্ষে হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘটনার সময় ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

আসিফ মাহমুদ সমর্থিত নাগরিক সমাজের আহ্বায়ক মিনহাজুল হক বলেন, কায়কোবাদপন্থীরা বিনা উসকানিতে হামলা চালিয়েছে। এতে আমাদের অন্তত ৫০ জন আহত হয়েছেন। শেখর মেম্বারের অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে কায়কোবাদ সমর্থিত উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের অভিযোগ, আমাদের পার্টি অফিসে থাকা অবস্থায় আসিফ মাহমুদের সমর্থকেরা হামলা চালায়। এতে ১৫ জন আহত হন।

মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) আমিন কাদের খান বলেন, এনসিপির কর্মসূচির বিষয়ে তারা আগে থেকে জানালেও বিএনপির পক্ষ থেকে কোনো তথ্য দেয়া হয়নি। তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ