Views Bangladesh Logo

রাজশাহী শিক্ষা বোর্ডে বিশেষ ব্যবস্থায় এইচএসসি দিল পরীক্ষা দিতে না পারা ৩৪ জন

রাজশাহী শিক্ষা বোর্ডে বিশেষ ব্যবস্থায় এইচএসসি পরীক্ষা দিয়েছেন ৩৪ জন পরীক্ষার্থী। এই শিক্ষা বোর্ডের অধীনে আট জেলা থেকে ৩৭ জনের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও তিনজন অনুপস্থিত থাকায় ৩৪ জনকে নিয়েই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাজশাহী নিউ গভ ডিগ্রি কলেজ কেন্দ্রে সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। এদিন পরীক্ষার্থীরা বাংলা প্রথমপত্র, যুক্তিবিদ্যা প্রথমপত্র ও পদার্থবিজ্ঞান প্রথমপত্র বিষয়ে পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় অংশ নেওয়া ৩৪ জনের মধ্যে ৩০ জন ছেলে ও চারজন মেয়ে ছিল।

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের কনভেনার ড. রবিউল ইসলাম জানান, ৩৭ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তবে তিনজন অনুপস্থিত থাকায় ৩৪ জন পরীক্ষা দিয়েছেন।

তিনি বলেন, কিছুদিন আগে রাজশাহী শিক্ষা বোর্ডের পক্ষ থেকে চিঠি দিয়ে এইচএসসির একটি বিষয়ে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছিল। সেই অনুযায়ী পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে বোর্ডকে জানানো হয়। সোমবার সেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরপর আর পরীক্ষা আছে কি না, সেটা বলতে পারব না।

পরীক্ষা নেওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে রবিউল ইসলাম বলেন, শিক্ষাবোর্ডের দেওয়া চিঠিতে উল্লেখ ছিল, প্রাকৃতিক দুর্যোগের কারণে যারা পরীক্ষা দিতে পারেনি, তাদের রেজিস্ট্রেশনের জন্য বলা হয়েছিল। সেখানে অনেকেই রেজিস্ট্রেশন করেছিল। জানা মতে, তাদের আজ পরীক্ষা অনুষ্ঠিত হলো।

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা শুরু হয় ২ জুলাই। এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন। এর মধ্যে ছাত্র ৭৩ হাজার ৫৭ জন এবং ছাত্রী ৬৭ হাজার ৭৭৩ জন। বোর্ডের আওতাধীন আটটি জেলায় ২০৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এ বিষয়ে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন বলেন, রাজশাহী শিক্ষাবোর্ডে নিউ গভ ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই কেন্দ্রে ৩৭ জন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।



মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ