শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
শিল্পাঞ্চলে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শ্রমিক অসন্তোষ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসব এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।
শনিবার (১৪ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, ঢাকা জেলার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়ায় সদস্যদের মোতায়েন করা হয়েছে। নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এলাকাতেও তাঁরা দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা জানান, স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সদস্যরা দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁরা সতর্ক রয়েছেন।
তিনি আরও জানান, শিল্পাঞ্চলের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরে বিশেষ মনিটরিং সেল কাজ করছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও বিভিন্ন প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থার মাধ্যমে মাঠপর্যায়ের সরাসরি চিত্র পর্যবেক্ষণ করা হচ্ছে। ফলে পরিস্থিতি সম্পর্কে দ্রুত তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে।
মতামত দিন