Views Bangladesh Logo

তিন শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে কাজ করছেন বিজিবি সদস্যরা।

সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও মিরপুরে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তাঁরা দায়িত্ব পালন করছেন।

শিল্পাঞ্চলের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে বিজিবি সদর দপ্তরে বিশেষ মনিটরিং সেল চালু রয়েছে। এর মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের কার্যক্রম সমন্বয়ের পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারি করা হচ্ছে।

এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে সংগৃহীত সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। এর ফলে শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানের পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক তথ্য পাওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহজ হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাহিনীর প্রয়োজনীয় প্রস্তুতি ও নজরদারি অব্যাহত রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ