শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টার প্রতিবাদ, রাষ্ট্রীয় সুরক্ষার দাবি ৩৪ নাগরিকের
ভাষা সংগ্রামী ও মহান মুক্তিযুদ্ধে শহিদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লা শহরের বাসভবন জবরদখলের অপচেষ্টার প্রতিবাদ জানিয়েছেন দেশের ৩৪ জন বিশিষ্ট নাগরিক। একই সঙ্গে বাড়িটি সুরক্ষায় অবিলম্বে সরকারি উদ্যোগ নেওয়া এবং তা পরিবারের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
শনিবার (১৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, কুমিল্লা শহরের ঝাউতলা এলাকায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নিজস্ব বাড়িতে ‘স্মৃতি জাদুঘর’ লেখা সাইনবোর্ড লাগিয়ে একটি বিশেষ মহল জবরদখলের চেষ্টা করছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত এ খবর গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে।
বিবৃতিতে নাগরিকরা বলেন, ১৯৪৮ সালে তৎকালীন পাকিস্তানের গণপরিষদে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি প্রথম প্রস্তাব আকারে উত্থাপন করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। এ কারণে পাকিস্তানি শাসকদের বিরাগভাজন হলেও পূর্ব বাংলার ছাত্র-জনতা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছিল।
তারা আরও বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ শুরুর পর ধীরেন্দ্রনাথ দত্তকে তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। ক্যান্টনমেন্টে মাসের পর মাস শারীরিক নির্যাতনের পর তাকে গুলি করে হত্যা করা হয়। একই সঙ্গে হত্যা করা হয় তার কনিষ্ঠ পুত্রকেও।
বিবৃতিতে বলা হয়, ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন প্রখ্যাত আইনজীবী ও জননন্দিত রাজনীতিবিদ। উপমহাদেশের স্বাধীনতা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শেরেবাংলা এ কে ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও পণ্ডিত জওহরলাল নেহরুর মতো নেতাদের ঘনিষ্ঠজন ছিলেন তিনি। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের পর শেরেবাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বাধীন সরকারেও গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
নাগরিকরা আক্ষেপ প্রকাশ করে বলেন, লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন হওয়া বাংলাদেশে ধীরেন্দ্রনাথ দত্তকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা হয়নি। তার নামে কোনো জাতীয় প্রতিষ্ঠানের নামকরণ না হওয়াও দুঃখজনক।
বিবৃতিতে তারা অবিলম্বে বাড়িটিতে জবরদখলকারীদের লাগানো সাইনবোর্ড সরিয়ে তা পরিবারের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ধীরেন্দ্রনাথ দত্তের নামে একটি জাতীয় প্রতিষ্ঠানের নামকরণ এবং জাতীয় সংসদের কাছাকাছি কোনো সড়কের নাম তার নামে রাখার দাবি জানান।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অধ্যাপক আনু মুহাম্মদ, মানবাধিকারকর্মী ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, লেখক ও সাংবাদিক আবু সাঈদ খান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না, গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, আলোকচিত্রী ড. শহিদুল আলম, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. তানজীমউদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শাহনাজ হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জোবাইদা নাসরীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব, লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের ভিজিটিং প্রফেসর ড. স্বপন আদনান, লেখক ও গবেষক রেহনুমা আহমেদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট তবারক হোসেন, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, লেখক ও গবেষক পাভেল পার্থ, নৃবিজ্ঞানী ও গবেষক ড. ঈশিতা দস্তিদার, গবেষক ও অধিকারকর্মী রোজিনা বেগম, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান, কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস, কবি ও আদিবাসী সংস্কৃতিকর্মী মিঠুন রাকসাম, মানবাধিকারকর্মী সাঈদ আহমেদ, মানবাধিকারকর্মী দীপায়ন খীসা, অধিকারকর্মী ড. হানা শামস আহমেদ ও অধিকারকর্মী মুক্তাশ্রী চাকমা।
মতামত দিন