Views Bangladesh Logo

বৃহস্পতিবার বিজিপিসহ মিয়ানমারের ৩৩০ নাগরিককে হস্তান্তর

মিয়ানমারে চলমান সংঘর্ষে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা বিজিপি সদস্যসহ ৩৩০ জন মিয়ানমার নাগরিককে আগামীকাল বৃহস্পতিবার ফেরত পাঠানো হবে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিত এ তথ্য নিশ্চিত করেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো.শরীফুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৫ ফেব্রুয়ারি সকাল ৮টায় নৌ-বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে কক্সবাজারের ইনানীর নৌবাহিনীর জেটিঘাটে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সহ মিয়ানমারের ৩৩০ জন নাগরিককে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের ৩৩০ জন নাগরিকরা বিভিন্ন পর্যায়ের সরকারি বাহিনীর সদস্য। যাদের মধ্যে রয়েছে বিজিপি, সেনা, ইমিগ্রেশন ও পুলিশের সদস্য। বৃহস্পতিবার ভোর ৬টায় তাদের কড়া নিরাপত্তায় ইনানী জেটিঘাটে নিয়ে যাওয়া হবে।

জানা গেছে, হ্নীলা হাইস্কুল ও ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছিলেন মিয়ানমারের ওই সদস্যরা। তাদের মধ্যে ৯ জন অসুস্থ ছিলেন। এর মধ্যে পাঁচজন কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে (কমেক) এবং চারজন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন ছিলেন।

প্রসঙ্গত, গত ৪ ফেব্রুয়ারি থেকে দেশটির জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষ চলছে। এর ফলে প্রাণ বাঁচাতে কয়েক ধাপে বাংলাদেশে পালিয়ে এসেছিল তারা। পরে বর্ডার গার্ড বাংলাদেশ তাদের নিরস্ত্রীকরণ করে বাংলাদেশে আশ্রয় দেয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ