বাধ্যতামূলক অবসরে ৩৩ পুলিশ কর্মকর্তা
পুলিশের উচ্চপদস্থ ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ১৪ জন উপমহাপরিদর্শক (ডিআইজি), ১৭ জন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) এবং ২ জন পুলিশ সুপার (এসপি)।
রোববার (৫ জুলাই) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন অনুযায়ী জনস্বার্থে তাদের অবসরে পাঠানো হয়েছে। তবে কারও বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ বা এই সিদ্ধান্তের কারণ উল্লেখ করা হয়নি।
সাম্প্রতিক সময়ে প্রশাসনে ধারাবাহিক রদবদলের অংশ হিসেবে পুলিশ বিভাগেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। এর আগে একই দিনে সরকার ৬ জন রেঞ্জ ডিআইজি ও ৩ জন পুলিশ সুপারকে বদলি করে। এরপর রাতেই আরও ৩৩ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত এলো।
মতামত দিন