শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
রোববার (৮ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় তাঁদের মোতায়েন করা হয়েছে।
শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে মাঠপর্যায়ের কার্যক্রম ও সরাসরি ভিডিও ফুটেজ নিয়মিত নজরদারি করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন এলাকার পরিস্থিতি বিবেচনায় নিয়ে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং কারখানাগুলোর স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে।
জননিরাপত্তা ও শিল্পাঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির এই নিরাপত্তা তৎপরতা অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মতামত দিন