Views Bangladesh Logo

দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে বেলা ১২টা পর্যন্ত ৩২ হাজার কেন্দ্রে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৪৫ মিনিটে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, “দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঘটনার কথা জেনেছি। তবে এখন পর্যন্ত কোনো ভোটকেন্দ্রের ভোট স্থগিত হয়নি। সব কেন্দ্রেই ভোটগ্রহণ চলমান রয়েছে। আশঙ্কাজনক কোনো পরিস্থিতি নেই।”

তিনি আরও বলেন, বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনার খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর গণতন্ত্রের নতুন পথযাত্রায় বৃহস্পতিবার দেশজুড়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৩০০ আসনের মধ্যে আজ ভোটগ্রহণ হচ্ছে ২৯৯টি আসনে। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত রাখা হয়েছে। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া ৫০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে।

অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টিসহ অন্যান্য দল। বহু বছর পর শঙ্কামুক্ত পরিবেশে ভোটদানের প্রত্যাশায় গ্রামেগঞ্জে ভোটকেন্দ্রে ভিড় করছেন লাখো তরুণ, যুবক ও প্রবীণ ভোটার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ