Views Bangladesh Logo

মে মাসে ৩২৬ নারী ও শিশু নির্যাতনের ঘটনা, বেড়েছে ধর্ষণ: এমএসএফ

দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা চলতি বছরের মে মাসে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। সংস্থাটির প্রকাশিত জেন্ডারভিত্তিক সহিংসতা মনিটরিং প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রোববার (৩১ মে) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এপ্রিল মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ছিল ৩১২টি, যা মে মাসে বেড়ে ৩২৬টিতে পৌঁছেছে।

প্রতিবেদন অনুযায়ী, ধর্ষণের ঘটনা এক মাসে ৫৪ থেকে বেড়ে ৭৮টিতে দাঁড়িয়েছে, যা প্রায় ৪৪ শতাংশ বৃদ্ধি। একই সময়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ১৪ থেকে বেড়ে ১৬টি এবং ধর্ষণের পর হত্যার ঘটনা ২ থেকে বেড়ে ৬টিতে পৌঁছেছে। যৌন হয়রানির ঘটনাও সামান্য বৃদ্ধি পেয়েছে।

এমএসএফ বলছে, নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতার ঊর্ধ্বগতি সামাজিক নিরাপত্তা, বিচারহীনতা এবং আইন প্রয়োগের কার্যকারিতা নিয়ে উদ্বেগ তৈরি করছে। এটি সমাজে নারী ও শিশুদের ঝুঁকিপূর্ণ অবস্থানেরও ইঙ্গিত বহন করে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অনলাইন জুয়া ও মাদকসংক্রান্ত অপরাধ নতুন ঝুঁকি হিসেবে সামনে এসেছে। মে মাসে অনলাইন জুয়ার ঘটনায় একজনের মৃত্যু এবং পাঁচজন গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। একই সময়ে মাদকসংক্রান্ত ঘটনায় চারজন নিহত, ১৯ জন আহত এবং ১৫ জন আটক হয়েছেন।

সংস্থাটি জানিয়েছে, নারী ও শিশু নির্যাতনের ধরন ক্রমেই আরও জটিল ও বহুমাত্রিক হয়ে উঠছে। প্রকাশ্য সহিংসতার কিছু ঘটনা কমলেও যৌন সহিংসতা, ডিজিটাল অপরাধ এবং সামাজিক অবক্ষয়ের বিভিন্ন সূচক উদ্বেগজনক হারে বাড়ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ