Views Bangladesh Logo

নওগাঁর ৬টি আসনে সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩১.৯৩ শতাংশ

নওগাঁর ছয়টি আসনে ভোটগ্রহণ শুরুর সাড়ে চার ঘণ্টায় গড়ে ৩১ দশমিক ৯৩ শতাংশ ভোট পড়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নওগাঁ-১ আসনে ৩৩ শতাংশ, নওগাঁ-২ আসনে ৩৭ দশমিক ৫৬ শতাংশ, নওগাঁ-৩ আসনে ৩২ দশমিক ২৫ শতাংশ, নওগাঁ-৪ আসনে ৩৭ শতাংশ, নওগাঁ-৫ আসনে ২৩ শতাংশ এবং নওগাঁ-৬ আসনে ২৮ দশমিক ৮০ শতাংশ ভোট পড়েছে। এ হিসাবে পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত নয়।

সকাল সাড়ে ৭টা থেকে জেলার ৬টি আসনের ৭৮২টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী-পুরুষ ভোটাররা শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কেন্দ্রে ও কেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মোবাইল টিমও সক্রিয় রয়েছে। এখন পর্যন্ত জেলায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জেলার ছয়টি আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ বিভিন্ন দলের মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছয় আসনে মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন। এর মধ্যে পুরুষ ১১ লাখ ৫৯ হাজার ৭৬৪ জন, নারী ১১ লাখ ৬৯ হাজার ৮০৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২১ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ