এপ্রিলে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ডলার
চলতি বছরের এপ্রিলে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই মাসের তুলনায় ১৩.৫ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
২০২৫ সালের এপ্রিলে দেশে রেমিট্যান্স এসেছিল ২৭৫ কোটি ডলার। সেই তুলনায় এবার উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ডলার রেমিট্যান্স আসে, যা ছিল একক মাস হিসেবে এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। তবে এপ্রিল মাসে সেই তুলনায় কিছুটা কমলেও ধারাবাহিকভাবে ৩০০ কোটি ডলারের ওপরে রেমিট্যান্স প্রবাহ বজায় রয়েছে।
অর্থনীতিবিদ ও ব্যাংকাররা বলছেন, দেশে এখন নিয়মিতভাবেই মাসে ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আসছে, যা অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত। তাদের মতে, প্রবাসীরা এখন আগের তুলনায় বেশি হারে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করছেন, ফলে হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানোর প্রবণতা কমেছে।
তারা আরও জানান, হুন্ডি ও ব্যাংকিং রেটের ব্যবধান কমে আসায় বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীরা আগ্রহী হচ্ছেন। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়ছে।
বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে মে মাসে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়তে পারে। সাধারণত ঈদের আগে প্রবাসীরা দেশে বেশি অর্থ পাঠান, যা এই সময়ে প্রবাহ বাড়ার অন্যতম কারণ।
সার্বিকভাবে ধারাবাহিক রেমিট্যান্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে