৭ মাসে নিখোঁজ ৩১ হাজার শিশু, উদ্বেগ মহিলা পরিষদের
চলতি বছরের প্রথম সাত মাসে দেশের বিভিন্ন থানায় শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় ৩১ হাজারের বেশি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এর মধ্যে ৪ হাজারের বেশি শিশু এখনও উদ্ধার হয়নি। এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
সোমবার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি।
পুলিশ সদর দপ্তর ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য উল্লেখ করে মহিলা পরিষদ জানায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৭ মাসে ০-৯ বছর বয়সী ১৫ হাজার ৭১৭ জন শিশু নিখোঁজের জিডি করা হয়েছে। এদের মধ্যে ২ হাজার ৩৮ জনকে এখনও খুঁজে পাওয়া যায়নি।
একই সময়ে ১০-১৭ বছর বয়সী ১৫ হাজার ২৪৩ জন শিশু নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ২৭৩ জন উদ্ধার করা গেলেও ১ হাজার ৯৭০ জন এখনও নিখোঁজ রয়েছেন।
বিবৃতিতে বলা হয়, শিশুরা বাড়ির কাছে খেলতে গিয়ে, স্কুল থেকে ফেরার পথে, বিভিন্ন প্রলোভনে পড়ে বা অপরিচিত জায়গায় ঘুরতে গিয়ে পথ হারিয়ে নিখোঁজ হচ্ছে।
দীর্ঘদিন নিখোঁজ থাকা শিশুরা পাচারচক্র বা অপরাধী গোষ্ঠীর শিকার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সংগঠনটি।
মহিলা পরিষদ নিখোঁজ শিশুদের খুঁজে বের করতে প্রশাসনের প্রতি তীক্ষ্ণ নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, শিশু নিখোঁজের সঙ্গে জড়িত অপরাধী চক্রগুলোর সনাক্তকরণ, বিচার ও শাস্তি দাবি করেছে সংগঠনটি।
মতামত দিন