Views Bangladesh Logo

মে মাসে মব সহিংসতায় নিহত ৩১, নির্যাতনের শিকার ৩০৫ নারী ও কন্যাশিশু: এইচআরএসএস

দেশে গত মে মাসে মব সহিংসতা ও গণপিটুনির ৬৬টি ঘটনায় ৩১ জন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন। একই সময়ে ৬৪টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন ৫ জন, আহত হয়েছেন ২৮৯ জন।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) প্রকাশিত মে (২০২৬) মাসের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

সংগঠনটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, সংগৃহীত তথ্য ও ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনের ভিত্তিতে এ প্রতিবেদন প্রস্তুত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, রাজনৈতিক সহিংসতার বেশিরভাগ ঘটনা আধিপত্য বিস্তার, দলীয় কোন্দল, রাজনৈতিক বিরোধ ও চাঁদাবাজিকে কেন্দ্র করে ঘটেছে। এসব ঘটনায় অন্তত ১৩৪টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সাংবাদিকদের নিরাপত্তা পরিস্থিতিও উদ্বেগজনক বলে উল্লেখ করেছে এইচআরএসএস। মে মাসে ৩৯টি ঘটনায় ৭৮ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। তাদের মধ্যে ৪২ জন আহত, ১৮ জন লাঞ্ছিত এবং ৯ জন হুমকির মুখে পড়েছেন। এছাড়া একজন সাংবাদিককে আটক করা হয়েছে এবং দুটি মামলায় আটজন সাংবাদিককে আসামি করা হয়েছে।

নারী ও শিশু নির্যাতনের চিত্রও উদ্বেগজনক। প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে ৩০৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৮৩ জন ধর্ষণের শিকার, যাদের ৫৭ জনই শিশু ও কিশোরী। এছাড়া ১৭ জন সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন।

শিশুদের ক্ষেত্রে অন্তত ২১৫ জন বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে, যার মধ্যে ৫৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া শ্রমিক অধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মে মাসে ৫৭টি শ্রমিক নির্যাতনের ঘটনায় ২০ জন নিহত ও ১৩০ জন আহত হয়েছেন। কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা ও দুর্ঘটনায় আরও ৪১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, রাজনৈতিক সহিংসতা, গণপিটুনি, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, সাংবাদিক নির্যাতন, নারী ও শিশু নির্যাতন এবং শ্রমিক অধিকার লঙ্ঘনের ধারাবাহিকতা গভীর উদ্বেগের বিষয়। তিনি মানবাধিকার সুরক্ষায় সরকার, নাগরিক সমাজ ও গণমাধ্যমের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ