জামালপুরে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী কারাগারে
জামালপুরের মাদারগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় নাশকতা ও সহিংসতার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মোট ৩১ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক দীর্ঘ শুনানি শেষে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানোদের মধ্যে রয়েছেন—মাদারগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, জেলা আওয়ামী লীগের সদস্য দৌলতুজ্জামান দুলাল, সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন আয়না, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, রাশেদুল ইসলাম লাজু, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, তোফায়েল আহমেদ বাহাদুর, মো. ছলো মিয়া, শাহিনুর রহমান, ছাত্রলীগের এসডি জুয়েল ও মো. সালমান।
এছাড়া বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক জুয়েল হাজারী এবং মেরুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস আলীসহ মোট ৩১ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, মাদারগঞ্জ উপজেলার ২৭ জন নেতাকর্মী নাশকতা ও সহিংসতার চারটি মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। অন্যদিকে বকশীগঞ্জ উপজেলার চারজন নেতাকর্মী দুটি মামলায় আত্মসমর্পণ করে জামিন চান।
শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোর্ট ইন্সপেক্টর মো. আবুল হোসেন জানান, অভিযোগগুলো জামিনযোগ্য না হওয়ায় আদালত এ সিদ্ধান্ত দিয়েছেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে