৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন
উদ্বোধন হয়েছে ২০২৬ সালের ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার । নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৪ নম্বর সেক্টরে অবস্থিত স্থায়ী ভেন্যু বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিবিসিএফইসি) ভবনে পঞ্চমবারের মতো আয়োজিত এই মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মেলার সর্বাত্মক সাফল্য কামনা করেন। মেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।
বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ উদ্যোগে মেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিবির ভাইস চেয়ারম্যান (প্রধান নির্বাহী) ও অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ, বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান।
এর আগে ১ জানুয়ারি মেলার উদ্বোধনের কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করায় উদ্বোধনের তারিখ পরিবর্তন করে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়।
দেশের পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আয়োজন হিসেবে পরিচিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের (৩০তম) আসরে বাংলাদেশ ছাড়াও ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ ছয়টি দেশের ১১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। বিদেশি ১১টি প্যাভিলিয়নসহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩২৪টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্টুরেন্ট বরাদ্দ দেওয়া হয়েছে।
মেলায় পলিথিন ব্যাগ ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এর পরিবর্তে পরিবেশবান্ধব শপিং ব্যাগ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাধ্যমে হ্রাসকৃত মূল্যে এসব ব্যাগ সরবরাহ করা হবে।
দর্শনার্থীদের যাতায়াত সুবিধায় কুড়িল বিশ্বরোড, ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ি), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বাণিজ্য মেলার উদ্দেশে বিআরটিসির ২০০টির বেশি ডেডিকেটেড শাটল বাস চলাচল করবে।
১৯৯৫ সাল থেকে প্রতি বছর বছরের প্রথম দিনেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের রীতি থাকলেও ২০২২ সাল থেকে পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারকে মেলার স্থায়ী ভেন্যু হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ বছর পূর্বাচলে পঞ্চমবারের মতো এই মেলার আয়োজন করা হলো।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে