আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: মন্ত্রী
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী আগস্টের মধ্যে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার আশা প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
রোববার (২৬ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, কেন্দ্রটির প্রথম ইউনিটে আগামী মঙ্গলবার থেকে জ্বালানি (ফুয়েল) লোডিং শুরু হবে, যা বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ।
মন্ত্রী বলেন, ফুয়েল লোডিং প্রক্রিয়া সম্পন্ন হলে আগস্ট নাগাদ প্রাথমিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকতে পারেন।
দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, কেন্দ্রটির প্রথম ইউনিট ২০২৭ সালের জানুয়ারির মধ্যে পূর্ণ সক্ষমতা ১,১০০ মেগাওয়াটে পৌঁছাবে। একই বছরের জুনে দ্বিতীয় ইউনিটে ফুয়েল লোডিং শুরু হওয়ার কথা রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী অগ্রগতি অব্যাহত থাকলে, ২০২৭ সালের সেপ্টেম্বরের মধ্যে দুই ইউনিট মিলিয়ে মোট ২,২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে, যা দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে