Views Bangladesh Logo

ছয় বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় নিশ্চিহ্ন প্রায় ৩০০ পরিবার: আরএসএফ

গত ছয় বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০টি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। রোড সেফটি ফাউন্ডেশনের (আরএসএফ) এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংগঠনটির নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় পুরো পরিবারের একসঙ্গে প্রাণহানির ঘটনা ক্রমেই বাড়ছে।

তিনি বলেন, ২০২০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সড়ক দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মোটরসাইকেল, অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও বাসে যাতায়াতের সময় পুরো পরিবার কিংবা একই পরিবারের একাধিক সদস্য নিহত হওয়ার ঘটনা বাড়ছে।

সাইদুর রহমান জানান, নয়টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন সংবাদমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া এবং সংগঠনটির নিজস্ব তথ্যভান্ডার থেকে তথ্য সংগ্রহ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

মোটরসাইকেল দুর্ঘটনা

প্রতিবেদনে বলা হয়েছে, মোটরসাইকেলে যাতায়াতের সময় স্বামী-স্ত্রী দুজনই নিহত হয়েছেন—এমন দুর্ঘটনা ঘটেছে ১৯৩টি। এ ছাড়া বাবা ও সন্তান নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১৫৯টি।

অর্থাৎ, ১৯৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৩৮৬ জন স্বামী-স্ত্রী এবং ১৫৯টি দুর্ঘটনায় ৩১৮ জন বাবা ও সন্তান প্রাণ হারিয়েছেন।

অটোরিকশা দুর্ঘটনা

ব্যাটারিচালিত তিন চাকার অটোরিকশা দুর্ঘটনায় ৫২৫টি ঘটনায় মোট ১ হাজার ৭২৮ জন নিহত হয়েছেন।

অটোরিকশায় যাতায়াতের সময় একই পরিবারের একাধিক সদস্য নিহত হওয়ার ঘটনাগুলো হলো—

পরিবারের দুজন নিহত: ২১১টি ঘটনা

পরিবারের তিনজন নিহত: ১১৮টি ঘটনা

পরিবারের চারজন নিহত: ৯২টি ঘটনা

পরিবারের পাঁচজন নিহত: ৫৩টি ঘটনা

পরিবারের ছয়জন নিহত: ৩৮টি ঘটনা

পরিবারের সাতজন নিহত: ১৩টি ঘটনা

মাইক্রোবাস দুর্ঘটনা

মাইক্রোবাসে যাতায়াতের সময় একই পরিবারের একাধিক সদস্য নিহত হওয়ার ঘটনাগুলো হলো—

পরিবারের দুজন নিহত: ৪৮টি ঘটনা

পরিবারের তিনজন নিহত: ৪৬টি ঘটনা

পরিবারের চারজন নিহত: ৩৯টি ঘটনা

পরিবারের পাঁচজন নিহত: ২৮টি ঘটনা

পরিবারের ছয়জন নিহত: ২০টি ঘটনা

পরিবারের ১১ জন নিহত: ৪টি ঘটনা

পরিবারের ১৪ জন নিহত: ১টি ঘটনা

মাইক্রোবাস দুর্ঘটনার ১৮৬টি ঘটনায় মোট ৭০৮ জন নিহত হয়েছেন।

ব্যক্তিগত গাড়ি দুর্ঘটনা

ব্যক্তিগত গাড়িতে যাতায়াতের সময় একই পরিবারের একাধিক সদস্য নিহত হওয়ার ঘটনাগুলো হলো—

পরিবারের দুজন নিহত: ৩৪টি ঘটনা

পরিবারের তিনজন নিহত: ৩১টি ঘটনা

পরিবারের চারজন নিহত: ২৪টি ঘটনা

পরিবারের পাঁচজন নিহত: ১৯টি ঘটনা

ব্যক্তিগত গাড়ির ১০৮টি দুর্ঘটনায় মোট ৩৫২ জন নিহত হয়েছেন।

অ্যাম্বুলেন্স দুর্ঘটনা

অ্যাম্বুলেন্সে যাতায়াতের সময় একই পরিবারের একাধিক সদস্য নিহত হওয়ার ঘটনাগুলো হলো—

পরিবারের দুজন নিহত: ১১টি ঘটনা

পরিবারের তিনজন নিহত: ১৫টি ঘটনা

পরিবারের চারজন নিহত: ৯টি ঘটনা

পরিবারের পাঁচজন নিহত: ৭টি ঘটনা

পরিবারের আটজন নিহত: ৩টি ঘটনা

অ্যাম্বুলেন্স দুর্ঘটনার ৪৫টি ঘটনায় মোট ১৬২ জন নিহত হয়েছেন।

বাস দুর্ঘটনা

বাসে যাতায়াতের সময় একই পরিবারের একাধিক সদস্য নিহত হওয়ার মধ্যে পরিবারের দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১৭টি, তিনজন নিহত হওয়ার ঘটনা ৯টি এবং চারজন নিহত হওয়ার ঘটনা ৬টি।

বাস দুর্ঘটনার ৩২টি ঘটনায় মোট ৮৫ জন প্রাণ হারিয়েছেন।

পিকআপ ভ্যান দুর্ঘটনা

একটি ঘটনায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে একই পরিবারের চার সদস্য নিহত হন।

দুর্ঘটনার কারণ ও সুপারিশ

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যের প্রাণহানির পেছনে কয়েকটি কারণ চিহ্নিত করেছে রোড সেফটি ফাউন্ডেশন। এর মধ্যে রয়েছে কাজ বা বিনোদনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদের একসঙ্গে যাতায়াতের প্রবণতা বৃদ্ধি, মহাসড়কে অটোরিকশা চলাচল এবং অধিকাংশ মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের উপযুক্ত ফিটনেস সনদ না থাকা।

এ ছাড়া মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সচালকদের পর্যাপ্ত দক্ষতার অভাব, পর্যাপ্ত বিশ্রাম ছাড়া দীর্ঘ সময় গাড়ি চালানো, মানসম্মত হেলমেট ব্যবহার না করা, বেপরোয়া মোটরসাইকেল চালানো এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতাকেও দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।

প্রতিবেদনে মোটরসাইকেলচালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহারের পাশাপাশি ট্রাফিক আইন মেনে সব ধরনের যানবাহন চালানোর সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া সব মহাসড়কে সড়ক বিভাজক ও সার্ভিস লেন নির্মাণ এবং গ্রামীণ সড়ক যাতে সরাসরি মহাসড়কের সঙ্গে যুক্ত না হয়, সে জন্য নিরাপদ সড়ক নকশা প্রণয়নের পরামর্শ দেওয়া হয়েছে।

সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল যথাযথভাবে তদারক, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছে সংগঠনটি। পাশাপাশি সড়ক ব্যবহারকারীদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে শিক্ষা ও জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনার সুপারিশ করেছে আরএসএফ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ