‘জাসদ কার্যালয়ে আটক ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে’
রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হারুন অর রশিদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পেয়ে পুলিশ প্রাথমিকভাবে ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহযোগিতা করেছে।
তিনি বলেন, সেখানে জড়ো হওয়ার পেছনে তাদের কী উদ্দেশ্য ছিল, তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন এবং তাদের কাছে কী ধরনের তথ্য ছিল—এসব বিষয় যাচাই করা হচ্ছে। পুলিশের কাছে প্রাথমিকভাবে তথ্য রয়েছে, সেখানে জড়ো হওয়া ব্যক্তিরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন। এর বাইরে তারা আর কোনো কর্মকাণ্ডে যুক্ত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, তাও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, প্রাথমিক হিসাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা ২৮০ থেকে ৩০০ জনের মতো। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় এ মুহূর্তে সঠিক সংখ্যা বলা সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, ‘তাদের নিরাপত্তার স্বার্থে এবং পুরো ঘটনাটি যাচাই-বাছাই করার জন্য আমরা তাদের থানায় নিয়ে যাচ্ছি। যাচাই-বাছাই করে যার যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে মামলা বা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে না, তাদের ক্ষেত্রে আইন অনুযায়ী অন্য যে প্রক্রিয়া আছে, সেটি অনুসরণ করা হবে।’
সেখানে সাংবাদিক বা অন্য কোনো পেশার কেউ আটক হয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে ডিসি হারুন বলেন, সেখানে সাংবাদিকসহ অন্য কোনো পেশার মানুষ আছেন কি না, তা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জাসদ কার্যালয়ের সামনে তাদের জড়ো হওয়ার অনুমতি ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি প্রাথমিকভাবে যাচাই করা হচ্ছে। ঘটনাস্থল পল্টন থানার আওতাধীন। তদন্তের সুবিধার জন্য প্রয়োজন হলে তাদের আশপাশের কোনো থানায় রাখা হতে পারে।
মতামত দিন