Views Bangladesh Logo

৬৪ জেলার নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসনসহ সরকারি কার্যক্রম তদারক ও সমন্বয়ের দায়িত্ব ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপের মধ্যে বণ্টন করেছে সরকার। জেলা পর্যায়ে সরকারের বিভিন্ন কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়ন ও সমন্বয়ের লক্ষ্যে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ বিষয়ে গেজেট জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগের সময়ে বিভিন্ন জেলায় উন্নয়ন বরাদ্দের নামে ব্যাপক দুর্নীতি ও অর্থ লুটপাটের অভিযোগ রয়েছে। লুট করা অর্থের একটি অংশ বিদেশে পাচার এবং অন্য অংশ মাদকসহ বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষতিকর কর্মকাণ্ডে ব্যবহারের বিষয়ও এতে উল্লেখ করা হয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ইকবাল হাসান মাহমুদ রাজশাহী ও নাটোর, আবু জাফর মো. জাহিদ হোসেন লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড় এবং আবদুল আউয়াল মিন্টু লক্ষ্মীপুর জেলার দায়িত্ব পেয়েছেন। নিতাই রায় চৌধুরীকে চুয়াডাঙ্গা, খন্দকার আবদুল মুক্তাদিরকে হবিগঞ্জ এবং আরিফুল হক চৌধুরীকে মৌলভীবাজারের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি চট্টগ্রাম, এম রশিদুজ্জামান মিল্লাত শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা, আসাদুল হাবিব দুলু ঠাকুরগাঁও ও দিনাজপুর এবং মো. আসাদুজ্জামান খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের দায়িত্ব পেয়েছেন। জাকারিয়া তাহের ফেনী ও নোয়াখালী, সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ, সাচিং প্রু কক্সবাজার এবং মো. শরীফুল আলম টাঙ্গাইল ও নরসিংদী জেলার দায়িত্ব পেয়েছেন।

শামা ওবায়েদ ইসলামকে মাদারীপুর ও শরীয়তপুর, অনিন্দ্য ইসলাম অমিতকে মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ, আব্দুল বারীকে বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ এবং সুলতান সালাউদ্দিনকে ঢাকা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। পার্বত্য তিন জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটির দায়িত্ব পেয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। হাবিবুর রশিদ গাজীপুর ও নারায়ণগঞ্জ এবং মো. রাজীব আহসান বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুরের দায়িত্ব পেয়েছেন। মীর শাহে আলমের ওপর রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে ফারজানা শারমিন সিরাজগঞ্জ ও পাবনা, শেখ ফরিদুল ইসলাম যশোর, মাগুরা ও নড়াইল, ইমরান খান চৌধুরী জামালপুর ও কিশোরগঞ্জ এবং আহমেদ সোহেল মঞ্জুর বরিশাল, ভোলা ও ঝালকাঠির দায়িত্ব পেয়েছেন। মোহাম্মদ শামীম কায়সার জয়পুরহাট ও নওগাঁ, মো. জি কে গউছ সিলেট ও সুনামগঞ্জ, মিয়া নূরুদ্দিন আহমেদ রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ এবং এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুরের দায়িত্ব পেয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বন্ধ, চোরাচালান প্রতিরোধ এবং পুরোনো অপরাধ দমনে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। পাশাপাশি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারক করবেন। প্রয়োজন অনুযায়ী জেলার বিভিন্ন সরকারি সভায় অংশ নিয়ে সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়ার সুযোগও থাকবে তাদের।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ